ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় গতকাল শুক্রবার যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অপর ২৮ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া নামক স্থানে গতকাল সকাল ৭টায় মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী ডি এম সুপার পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অপর ৩০ জন আহত হয়। মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর গুরুতর আহতদের একজন এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মো. আনিছুর রহমান (৫০), মো. ইসরাফিল ফকির (৪৬), জামাল উদ্দিন হাওলাদার (৩৮), রফিকুল ইসলাম (৪৫)। আহতদের ঢাকা ও স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। নিহত আনিছুর রহমানের বাড়ি শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামে, ইসরাফিল ফকির ও রফিকুল ইসলামের বাড়ি শরীয়তপুর এবং জামাল উদ্দিন হাওলাদারের বাড়ি বরিশাল জেলায়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহবুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা হয়েছে। বাস দুইটি আটক করা গেলেও দুই চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
