গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপের বিকল্প নেই :মজীনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২২:২৯
গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য নির্বাচন অপরিহার্য মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংলাপের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বদলীয় অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএএনএ) আয়োজিত স্বাস্থ্য বিষয়ক একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মানবতাবিরোধী বিচারে গোলাম আযমসহ অন্যান্য জামায়াত নেতাকে ফাঁসি না দিতে তুরস্ক সরকারের আবেদনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোন মন্তব্য করেননি। এরআগে অনুষ্ঠানে তিনি বাংলাদেশের জনগণকে অসাধারণ, কর্মঠ, প্রাণচঞ্চল, সৃষ্টিশীল আখ্যায়িত করে বলেন, রাষ্ট্রদূত হিসেবে আমার অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশি-আমেরিকান সমপ্রদায় এবং তাদের আদি জন্মস্থান বাংলাদেশের মধ্যকার বন্ধনকে সমপ্রসারণ ও জোরদার করা। ‘কনফারেন্স অব ফিজিশিয়ানস’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম রুহুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা সতর্ক। জনসংখ্যা বৃদ্ধির হার কমার পাশাপাশি শিশু ও মাতৃমৃত্যু হারও কমেছে বলে মন্ত্রী জানান। বিএমএএনএ সভাপতি ডা. মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, অধ্যাপক ফারুক আহমেদ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক মনজুর হোসাইন, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ। গতকাল দিনব্যাপী এই অনুষ্ঠানে উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশি ৪০ জনসহ প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিত্সক অংশ নেন।