রুশ সন্তান দত্তক নিতে পারবে না মার্কিনিরা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১২, ২২:৩০
মার্কিনিদের রুশ শিশুদের দত্তক গ্রহণ নিষিদ্ধ করছে রাশিয়া। এজন্য গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। আগামী ১ জানুয়ারি থেকে এ আইন কার্যকর হবে। এর ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসি ও রয়টার্সের। নিম্নকক্ষে বিলটি উত্থাপন করা হলে পুতিন সমর্থন দেন। দুমা সদস্যদের উত্থাপিত বিলটিকে যৌক্তিক ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বিলটির সমালোচনা করেন। এর মাধ্যমে রাশিয়ার সংবিধান ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন হবে বলে উল্লেখ করেন বিলের বিরোধীরা। সমালোচকরা বলছেন, বিলের কারণে এতিম শিশুরা রাশিয়ার এতিমখানাগুলোর নিদারুণ অবস্থা থেকে রেহাই পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। রাশিয়ার এতিমখানাগুলোতে বাবা-মা হারা সাত লাখ ৪০ হাজার শিশু রয়েছে। ২০১১ সালে রাশিয়ায় প্রায় ৩ হাজার ৪শ’ শিশু সন্তান দত্তক নিয়েছে বিদেশি দম্পতিরা। এর প্রায় এক তৃতীয়াংশের নিয়েছেন মার্কিনিরা। গত দুই দশকে মার্কিনিরা প্রায় ৬০ হাজার রুশ শিশুকে দত্তক নিয়েছে। কিছুদিন আগে মার্কিন কংগ্রেসে পাস হওয়া ‘ম্যাগনিটস্কাই অ্যাক্ট’ এর জবাব হিসেবে পাল্টা এ আইনটি করছে রাশিয়া। ম্যাগনিটস্কাই অ্যাক্টে কথিত মানবাধিকার লঙ্ঘনকারী রুশদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ২০০৯ সালে রাশিয়ায় দুর্নীতিবিরোধী আইনজীবী সার্জেই ম্যাগনিটিস্কাই নিহত হন। তার নামে যুক্তরাষ্ট্র এ বিল পাস করে।