ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের অবৈধ ইটভাটাগুলো অবশেষে উচ্ছেদ শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।
উপজেলার সর্বাধিক ৫৬টি ইটভাটা অধ্যুষিত লক্ষীকুন্ডা ইউনিয়নে ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ইতিপূর্বে কয়েক দফা কৃষি জমি বিনষ্ট, ভাটায় কাঠ পোড়ানো, নিয়মনীতি লঙ্ঘন, শিশুশ্রম ও পরিবেশের ভারসাম্যহীনতার বিষয় উল্লেখ করে ইত্তেফাকসহ কয়েকটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলে পরিবেশ অধিদপ্তর উচ্ছেদ অভিযান শুরু করে।
ঈশ্বরদী শহর হতে প্রায় ১২ কিলোমিটার দূরবর্তী প্রত্যন্ত পদ্মা নদী তীরবর্তী লক্ষীকুন্ডায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিম আহমেদের নেতৃত্বে অভিযান শুরু হয়। পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় যৌথবাহিনী লক্ষীকুন্ডা ইউনিয়নে অভিযান চালিয়ে ওইদিন চারটি ইটভাটা গুঁড়িয়ে দেয়। এছাড়া ইটভাটার মালিকদের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন। উচ্ছেদকৃত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে বিআরবি, আদর্শ ব্রিকস এসআরবি ও মালিথা ব্রিকস।
