স্বাধীনতার পর থেকে সব সরকারই উদ্যোগ নিয়েছেন স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধাদের একটা সঠিক ও নির্ভুল তালিকা তৈরি করার জন্য। কিন্তু যে কারণেই হোক, এ পর্যন্ত তা সফল হয়নি। বর্তমান সরকার সেটি যথাযথভাবে সম্পন্ন করার কাজে হাত দিয়েছে। নিশ্চয়ই তা আশাব্যঞ্জক। বর্তমান তো বটেই, আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য কাজটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এটা সুষ্ঠুভাবে হোক, এটা আমরা চাই।
কিন্তু সাথে সাথে একটি কথা, বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ত্রিশ লক্ষ মানুষ। সুতরাং আমাদের অর্জিত স্বাধীনতায় তাদের অবদান কম নয়; বরং অনেক বেশি। তারাও আমাদের অনেক শ্রদ্ধা ও সম্মানের পাত্র। জাতি চিরকৃতজ্ঞ তাদের প্রতি। স্মৃতির মণিকোঠায়, স্বাধীনতার ইতিহাসে তাদেরকেও সংরক্ষণ শুধু প্রয়োজনই নয়, আমাদের জাতীয় দায়িত্ব। তাই তাদেরও একটা তালিকা প্রণয়ন অবশ্যই কর্তব্য।
ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। বর্তমান হিসেবে বাংলাদেশে জেলার সংখ্যা ৬৪, উপজেলা ৫০৯, ইউনিয়ন ৪৪৬৬ এবং গ্রাম ৬৮০০০। সে হিসেবে গড় মৃত্যুর সংখ্যা জেলাপ্রতি ৪৬৮৭৫ জন, উপজেলাপ্রতি ৫৮৯৪ জন, ইউনিয়ন প্রতি ৬৭১ জন এবং গ্রামপ্রতি ৪৪ জন। মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতকরণের চেয়ে এদের তালিকা প্রস্তুতকরণ অধিকতর সহজসাধ্য ও নির্ভরযোগ্য। কারণ, নির্দিষ্ট এলাকাতে গিয়ে সরেজমিনে অনুসন্ধান করলেই খুব সহজেই তাদের সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্বেই আমাদের বিশেষ করে তাদের উত্তরসূরীদের গর্বিত পরিচিতির স্বার্থেই এ কাজটা করা উচিত। কাজটা অনেক দেরি হয়ে গেছে। তবুও আর দেরি না করে এখনই এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ বাবর, নলতা, সাতক্ষীরা।
