মিসরের বিশিষ্ট তিন বিরোধী নেতার বিরুদ্ধে সরকার উত্খাতে ‘উস্কানি’ দেয়ার সন্দেহে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলি। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উত্খাতে উস্কানি দেয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে এ তদন্তে। অভিযুক্ত তিন বিরোধী নেতা হলেন- মোহাম্মদ এল বারাদি, আমর মুসা এবং হামদিন সাবাহি। গত জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুরসির প্রতিদ্বন্দ্ব্বী প্রার্থী ছিলেন মুসা ও সাবাহি।
গতমাসে মুরসি-বিরোধী বিক্ষোভের সময় ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ নামে একটি বিরোধী জোট গঠন করেন এ তিন নেতা। বিক্ষোভকালে মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে কয়েকটি মিছিল সহিংসতায় রূপ নেয়। তিন প্রভাবশালী বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে তদন্তের এ নির্দেশে মুরসির সমর্থক এবং বিরোধীদের মধ্যে উত্তেজনা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কায়রো থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি জানিয়েছেন, বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবেই, এমনটি বোঝাচ্ছে না তদন্তের বিষয়টি। তবে এটি খুবই স্পর্শকাতর সময়ে করা হলো।
এদিকে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী মোহাম্মেদ মাহসৌব পদত্যাগ করেছেন। সরকারের অনেক নীতিকে ‘নিজের বিশ্বাসের সঙ্গে বৈপরীত্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। উদার ইসলামী ওয়াসাত দলের নেতা মাহসৌব এই সপ্তাহে দ্বিতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন।
