পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে নৌমহড়া শুরু করেছে ইরানের নৌবাহিনী। বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপ্রণালী দিয়ে নৌপথে বিশ্ববাজারে সরবরাহকৃত খনিজ তেল ও গ্যাসের ৪০ শতাংশ সরবরাহ করা হয়। শুক্রবার ছয়দিনব্যাপী এই মহড়া শুরু হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে নিজের সামরিক সামর্থ্য তুলে ধরতেই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। ইরানের নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার হাবিবুল্লাহ সায়ারি জানান, “ভিলায়েত ৯১” নামের মহড়াটি ভারত মহাসাগরের উত্তরাংশ, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর ১০ লাখ বর্গমাইল এলাকব্যাপী পরিচালিত হচ্ছে।
