ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামে আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহত হাসান মিয়ার ছেলে আতাউর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ দলের প্রধান স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপকে প্রধান আসামিসহ ১৩৭ জনকে আসামি করে মামলা দায়ের করে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে। অপরদিকে সংঘর্ষ ও মামলা এবং গ্রেফতারের ঘটনায় চিত্রি ও চরলাপাং এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেফতার ও পাল্টা হামলার আশংকায় মানুষ এলাকা ছেড়েছে। আধিপত্য নিয়ে এলাকার বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপ ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শিশুর দলের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। মাত্র তিন সপ্তাহ পূর্বে নবীনগর থানায় বসে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকারের সভাপতিত্বে এক সালিশি সভায় চিত্রি গ্রামের দুই পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংঘটিত বিভিন্ন সংঘর্ষ ও মামলা-হামলার ঘটনায় উভয়পক্ষকে ক্ষতিপূরণ বাবদ সাত লাখ টাকা জরিমানা করা হয়। ওই সালিশি সভাতে জরিমানার সাত লাখ টাকা আদায় করে উভয়পক্ষের কাছে হস্তান্তরও করা হয়। কিন্তু সালিশ মীমাংসার পরও বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। পরদিন বৃহস্পতিবার একজন ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
