বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন তার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেছে। তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানান।
গতকাল শনিবার সকালে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী শপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ বক্তৃতা করেন।
তরিকুল বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপির ২৫ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে এবং ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৬ জন দলীয় নেতাকর্মীকে গুম করা হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। অত্যাচার ও গুমের জন্য গণতন্ত্র আজ রক্তাক্ত। মানবাধিকার আজ শিকলে বাঁধা। সংবিধান তছনছ করে দেওয়া হয়েছে। সংবিধান এখন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই বিচার প্রার্থী।
ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন- প্রধানমন্ত্রী নাকি গণতন্ত্রের মানসকন্যা। কিন্তু গণতন্ত্রের মানসকন্যার কাজ হচ্ছে বিরোধীদলীয় নেতাকে জেলে আটক রাখা। পৃথিবীর কোনো দেশে এভাবে গণতন্ত্র চলে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি কাকরাইল, শান্তিনগর ও মালিবাগ মোড় হয়ে মৌচাক মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
