রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভাগগুলোতে প্রথমবর্ষে ভর্তিচ্ছুদের কাছ থেকে বিনা রশিদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিভাগীয় উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও অনুষ্ঠানাদির নামে বিভাগগুলো শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয় বলে সংশ্লিষ্টরা স্বীকার করেন। ভর্তিচ্ছুরা অভিযোগ করে জানান, অন্য বছরের ন্যায় চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ৪৭টি বিভাগে ৩ হাজার ৭৮০ ছাত্র-ছাত্রীর নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ১৯৭৩ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বিভাগ থেকে অতিরিক্ত টাকা আদায়ের উল্লেখ নেই।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছরই প্রথমবর্ষে ভর্তির ফি নির্ধারণ করে। যা ছাত্র-ছাত্রীদের পে-স্লিপের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হয়। ভর্তি ফি ছাড়া বিভাগগুলোর অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি আমি অফিসিয়ালি জানি না। তবে আন অফিসিয়ালি জানি—দীর্ঘদিন ধরে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কেউ অভিযোগ না করায় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে না।
সংশ্লিষ্টরা জানান, কোন ক্ষেত্রে রশিদ ছাড়াই অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কোন কোন বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় ছাপানো রশিদ দিয়ে থাকে। পপুলেশন সায়েন্স বিভাগের জনৈক ভর্তিচ্ছু নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাংকে নির্ধারিত ফি জমার পর বিভাগে গেলে বিভাগীয় কর্মকর্তারা আরো ৩ হাজার ২শ’ টাকা নিয়েছেন। কী কারণে এই টাকা আদায়— কর্মকর্তারা কোন সদুত্তর দিতে পারেননি। এ প্রসঙ্গে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার সাংবাদিকদের বলেন, অন্যসব বিভাগ অতিরিক্ত টাকা নেয়, তাই আমার অনুষদের বিভাগগুলোও নেয়।
