দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের ডাক নিয়ে আজ রবিবার সিলেটে আসছেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী, সংবিধানের অন্যতম প্রণেতা, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দুই নেতা বিকালে নগরীর কোর্ট পয়েন্টে জনসভায় বক্তৃতা করবেন। এজন্য গত কয়েক দিন ধরে নগরীতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। অলি-গলিতে লাগানো হয়েছে দুই নেতার ছবি সম্বলিত পোষ্টার। বিলি করা হয়েছে হাজার হাজার লিফলেট। এ অবস্থায় ‘জাতীয় ঐক্যের ডাক’ নিয়ে সিলেটের রাজনৈতিক অঙ্গনসহ জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
এদিকে জাতীয় ঐক্যের জনসভা সফল করতে নগরীতে প্রচারণামূলক একাধিক সভা-সমাবেশ করেছেন তাদের অনুসারী নেতাকর্মীরা। গত শুক্রবার বিকালে বিকল্প ধারা ও গণফোরামের নেতাকর্মীরা ট্রাক মিছিল করেছেন। শুক্রবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্ট, মদিনা মার্কেট ও টিলাগড়ে পথসভা করেছেন তারা।
জনসভায় বিকল্প ধারার মহাসচিব, সাবেক মন্ত্রী মেজর (অবঃ) আব্দুল মান্নান ও গণফোরামের সাধারণ সম্পাদক, সাবেক এমপি মোস্তফা মহসিন মন্টুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সিলেট মহানগর গণফোরাম সভাপতি আনসার খান জানিয়েছেন, জনসভা সফল করতে সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে।
