‘বর্তমান সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা ছিলো কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল। তিনি বলেছেন, বিএনপিতেও মুক্তিযোদ্ধা আছে এটা আমি স্বীকার করি। তবে মানুষ এখন পরিবর্তন চায়। তিনি বলেন, ২০১৪ সালের পর প্রধানমন্ত্রীসহ অনেককেই দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চাইবে না।
গতকাল শনিবার বাংলা নিউজটোয়েন্টিফোর.কম আয়োজিত ‘গণতন্ত্র ও চলমান রাজনীতি’ শীর্ষক অনলাইন সংলাপে তিনি এসব কথা বলেন। ড. কামাল আরো বলেন, চলমান রাজনৈতিক টানাপড়েন থেকে দেশ ২০১৪ সালে মুক্তি পাবে। সামনে আরো ১২ মাস সময় আছে এই সময়ের মধ্যেই এ নিয়ে কাজ করা হবে। সারাদেশ থেকে ভালো মানুষদের খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীকে বুঝতে হবে তিনি গণতন্ত্রের সেবক, জনগণের সেবক। তিনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে তখন সেটা আমাদের বোঝানোর দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তিনি সুযোগ পেয়ে যা করেছেন, সেজন্য সুযোগ হারিয়েছেন।
তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট আরো দু’টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার সুযোগ রেখেছিলেন, নির্দেশনা দিয়েছিলেন কিন্তু সে নির্দেশনা না মেনেই সরকার মাত্র ১০ মিনিটে একটি সাংবিধানিক ব্যবস্থা বাতিল করেছে। এটি হতে পারে না। অনলাইন সংলাপে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিশিষ্ট গবেষক ড. বদিউল আলম মজুমদার ও আইনজীবী ড. তুহিন মালিক।
