স্পোর্টস রিপোর্টার
আয়ারল্যান্ড দলে ফিরেছেন গ্যারি উইলসন। ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দেওয়া ১৪ জনের দলে আছেন তিনি। তবে বাদ পড়েছেন স্টুয়ার্ট পনিটার, পিটার চেস, সিমি সিং ও জেমস ক্যামেরন। চোখের সমস্যার কারণে চলতি বছরে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না উইলসন।
দলে আছেন ওয়ানডেতে অনভিষিক্ত জশ লিটল ও লোরকান টাকার। ১৯ বছর বয়সী লিটল বাঁ-হাতি পেসার। আইরিশদের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলে ১৩টি উইকেট পেয়েছেন তিনি। অন্যদিকে টাকার হলেন উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান। তিনিও সাতটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। গেল জানুয়ারিতে ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি পাওয়ার সুবাদে ২২ বছর বয়সী এ ক্রিকেটারকে দলে রাখা হয়েছে।
এ দুজনের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের নির্বাচক কমিটির প্রধান অ্যান্ড্রু হোয়াইট। তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে জশ লিটল ও লোরকান টাকার দারুণ উন্নতি করেছে সাম্প্রতিক সময়ে। তাই ওদের আমরা ওয়ানডে অভিষেকের জন্য বিবেচনা করছি। জশ আমাদের পেস বোলিং বিভাগে বৈচিত্র্য আনবে। আশা করি ওর টি-টোয়েন্টির দক্ষতা কাজে লাগবে ওয়ানডেতেও। অন্যদিকে লোরকান শ্রীলঙ্কায় ভালো খেলেছে। তখন থেকেই আমরা ওকে মূল দলের জন্য বিবেচনায় রেখেছি। আশা করি ও ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।
আগামী তিন মে ডাবলিনে ইংল্যান্ডের বিপক্ষে একটা ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। আর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে পাঁচ মে। শেষ হবে ১৭ মে। এ সময়ে তিনটি দল নিজেদের মধ্যে দুটি করে ম্যাচ খেলবে। এরপর সেরা দুটি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। পাঁচ মে প্রথম ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সাত মে। প্রতিপক্ষ ওয়েস্টইন্ডিজ। প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিনে। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আগামী পাঁচ মে বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের ‘এ’ দলের সাথে। সেখানে অংশ নেবেন চেস, সিং ও জেমস ক্যারেরন ডো। এ ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সিরিজের পরবর্তী অংশের দল ঘোষণা করবে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড স্কোয়াড
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাগ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লোরকান টাকার, গ্যারি উইলসন।
