রাজশাহীতে খাবার না পেয়ে শিশুসদনে অগ্নিসংযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২১:১২
রাজশাহী সরকারি শিশুসদনের খাবার না পেয়ে আগুন লাগানোর ঘটনায় অভুক্ত ও প্রতিবাদী শিশুদের দায়ি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একদিনের মধ্যে বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের প্রতিশ্রুতি সত্ত্বেও রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শনিবার পর্যন্ত তা করেননি। এদিকে জেলা প্রশাসনের পক্ষে গঠিত অপর তদন্ত কমিটি রবিবার থেকে কাজ শুরু করবে বলে জানা গেছে। প্রসঙ্গত, রাজশাহীর পবা উপজেলার বায়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশুসদনের শিশুরা নির্ধারিত সময়ে খাবার না পেয়ে গত শুক্রবার সদনের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়। শিশুসদনের সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল হান্নান বিভাগীয় তদন্ত কমিটি করে একদিনের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালককে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনের ব্যাপারে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হামিদা বেগম বলেন, তদন্ত তো হয়েছে। নিয়ম অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সি ছেলেরা এখানে থাকতে পারবে না। কয়েকজন বাচ্চার বয়স ১৮ বছরের বেশি হয়েছে। তারা এখান থেকে যেতে চায় না। তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন, শিশুসদনে কোন অনিয়ম হতে দেবো না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে বায়া শিশুসদনে ১০৭ জন শিশু রয়েছে। তাদের অভিযোগ কয়েকদিন থেকেই কর্তৃপক্ষ তাদের অনিয়মিতভাবে খাবার পরিবেশন করছে। বৃহস্পতিবার দুপুরের খাবার দেয়া হয় বিকাল ৫টায়। শুক্রবার বিকাল ৪টায়ও দুপুরের খাবার না পেয়ে সদনের ছোট শিশুরা কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে বাচ্চাদের কয়েকজন গিয়ে সদনের লাকড়ির স্তূপে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।