ভোলা বোরহানউদ্দিনে শ্বাসরুদ্ধ করে আ’লীগ কর্মী ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক হুমায়ূন কবির হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম তুহিন হাওলাদার। শনিবার রাতভর অভিযান চালিয়ে ওসি এনায়েত হোসেন ও এসআই ফোরকান ওই যুবককে কাচিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করে। নিহত যুবক দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়,উপজেলার দেউলা ইউনিয়নের হুমায়ূন কবির দীর্ঘ ১বছর যাবত্ ভাড়ায় মোটর সাইকেল চালাতো। শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় মজম বাজার এলাকা থেকে মোটর সাইকেলে দু’জনকে ভাড়ায় নিয়ে অন্যত্র যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি।
শনিবার জানা যায়, কবিরকে স্থানীয় চড়টিটিয়া এলাকায় আটক করে রাখা হয়েছে। সেখানে গিয়ে মাঠের মধ্যে কবিরের লাশ পাওয়া যায়।
