মিয়ানমারে বেসরকারি দৈনিক অনুমোদন পাচ্ছে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৫
মিয়ানমার সরকার আগামী বছর এপ্রিল থেকে বেসরকারি মালিকানাধীন দৈনিক সংবাদপত্র প্রকাশের অনুমতি দিচ্ছে বলে শুক্রবার এক সরকারি ঘোষণায় জানানো হয়েছে। কয়েক দশকের সামরিক শাসনের যাঁতাকলে থাকা মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না বললেই চলে। আর সে কারণে সরকারের এ উদ্যোগ বাক স্বাধীনতায় এক নতুন মাইলফলক। মিয়ানমারের তথ্যমন্ত্রী রয়টার্সকে বলেন, “বেসরকারি মালিকানায় সংবাদপত্র প্রকাশে আগ্রহীদেরকে আগামী ফেব্রুয়ারির মধ্যে এ ব্যাপারে আবেদন করতে হবে।” উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনী ১৯৬২ সালে ক্ষমতা দখলের আগে মিয়ানমারে কয়েকটি ভাষায় বেশকিছুসংখ্যক বেসরকারি স্থানীয় পত্রিকা চালু ছিল। কিন্তু বর্তমানে কেবল রাষ্ট্র পরিচালিত এবং সরকারের প্রচারণামূলক সংবাদপত্রগুলোই কেবল দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশ করার অনুমতি আছে।