সংবাদ কণিকা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:০৬
নেপালে বিক্ষোভ ভারতের পাশাপাশি নেপালেও নারী নির্যাতন নিয়ে সরব হলেন মহিলারা। বেশ কিছু নেপালি মহিলা শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন। তাঁদের দাবি, নেপালে মহিলাদের উপর যারা অত্যাচার করছেন তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তাঁরা এই বিক্ষোভের সময় অনেকের সই সংগ্রহ করেছেন। প্রাধনমন্ত্রী বাবুরাম ভট্টারাই নেপালে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।- বিবিসি ইরানে ফাঁসি মাদক পাচার এবং ধর্ষণে দোষী সাব্যস্ত পাঁচ জনকে শনিবার ফাঁসি দিয়েছে ইরান। এদের মধ্যে একজন আফগান ও চার জন ইরানি। ওই আফগানের বাড়ি হেরাটে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঘটনার নিন্দা করলেও তেহরান জানিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ড থাকা উচিত।- রয়টার্স ধোঁয়ায় মামা ভাগ্নের মৃত্যু অস্বাভাবিক মৃত্যু হল এক মামা ও তাঁর ভাগ্নের। শনিবার ভারতের অন্ডালের বহুলা মতিবাজার সুকান্তপল্লীর ঘটনা। মৃতদের নাম ঝন্টু হেমব্রম (৫২) ও রবি মুর্মু (১৮)। পরিবার সূত্রে জানা যায়, ঝন্টুবাবু হরিশপুর থেকে বোনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রবি ও তাঁর ভাই জয়দেবের সঙ্গে তিনি ঘরে ঘুমোচ্ছিলেন। দরজা-জানালা বন্ধ ঘরে চুলা জ্বলছিল। সকালে দেখা যায়, ঘর ধোঁয়ায় ভর্তি। তিন জনকেই রানিগঞ্জে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঝন্টুবাবু ও রবির মৃত্যু হয়েছে ঘোষণা করা হয়। পুলিশ জানায়, ধোঁয়ায় শ্বাসরোধে মৃত্যু হয়েছে তাঁদের।- আনন্দবাজার পত্রিকা আফগানিস্তানে ভূমিকম্প আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শনিবার ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কাবুল ও পাকিস্তানের কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের ১৪০ কিলোমিটার উত্তরে ও পাকিস্তানের চিত্রালের ১৩০ কিলোমিটার পশ্চিমে ১১৫ কিলোমিটার (৭০ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এই ঘটনায় তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। কাবুল, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও ইসলামাবাদে ভূমিকম্প অনুভূত হয়।- এএফপি