’৭১ বীরত্ব বীরগাথা বিজয়ের প্রথম খন্ড প্রকাশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:১৪
‘৭১ বীরত্ব—বীরগাথা-বিজয়’ শীর্ষক বারো খন্ডের একটি সংকলন প্রকাশের উদ্যোগ নিয়েছিল মুক্তিযুদ্ধকেন্দ্রিক বেসরকারি গবেষণা সংস্থা বিডিএস-৭১। এরই ধারাবাহিকতায় প্রকাশ হলো সংকলনটির প্রথম খন্ড। একই সঙ্গে ১২ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে দেয়া হয় সম্মাননা। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন ও মুক্তিযোদ্ধা সম্মাননা জানানো হয়। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ ও প্রয়াত সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান খানের স্ত্রী ড. সেলিনা জামান। সম্মাননা জানানো মুক্তিযোদ্ধারা হলেন এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, ক্যাপ্টেন (অব.) সাহাব উদ্দীন আহমেদ, সার্জেন্ট (অব.) তৌহিদুল্লাহ ভুঁইয়া, শাহজাহান সিদ্দিকী, লে. কর্নেল (অব.) এস আই এম নূর-উন-নবী খান, লে. কর্নেল (অব.) জাফর ইমাম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মেজর (অব.) ওয়াকার হাসান, লে. কর্নেল (অব.) মোদাচ্ছের হোসেন খান, লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম এবং আনোয়ার হোসেন পাহাড়ী। এদের মধ্যে এ কে খন্দকারের পক্ষে কে এম সফিউল্লাহ, সাহাব উদ্দীন আহমেদের পক্ষে তাপস আহমেদ ও তৌহিদুল্লাহ ভুঁইয়ার পক্ষে তার স্ত্রী সম্মাননা গ্রহণ করেন। সম্মাননাপর্ব শেষে বীর যোদ্ধারা প্রদীপ শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করেন। এ সময় কবিগুরুর ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করা হয়। এরপর তরুণ প্রজন্মের উদ্দেশে বক্তব্য রাখেন কে এম সফিউল্লাহ, প্রয়াত সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামান খানের স্ত্রী ড. সুলতানা জামান, শহীদ বুদ্ধিজীবীর সন্তান নাদিম কাদের ও বিডিএস ’৭১-এর সভাপতি তারিক উল্লাহ।