ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে রাজধানীতে মানববন্ধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১২, ২২:২৩
দিল্লীতে গণধর্ষণের শিকার সেই নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে নারীনেত্রী ও সমাজ কর্মীরা ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে। দক্ষিণ এশীয় নারী সংহতি আয়োজিত এই মানববন্ধনে নারীনেত্রীরা প্রদ্বীপ জ্বালিয়ে ধর্ষণের শিকার ওই নারীর প্রতি শ্রদ্ধা জানান। ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ওই নারী শুক্রবার মারা যান। মানববন্ধনে বক্তারা বলেন, এমন লজ্জা আর আমরা পেতে চাই না, এ ঘটনা সমগ্র মানবজাতির জন্য বড় ধাক্কা । প্রায় একই সময়ে এদেশে এক পার্বত্য কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দিল্লী থেকে ঢাকা, সমতল থেকে পাহাড় সর্বত্র ধর্ষণ, খুন আর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটছে। তারা জানান, বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত তথ্যের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, এবছর জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে দেশে ৪৮৫ জনকে ধর্ষণ, ১৪৬ জনকে গণধর্ষণ এবং ১০০ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়াও আছে নানাবিধ নারী নির্যাতনের ঘটনা। তারা ধর্ষণ, খুন আর ভয়াবহ নির্যাতনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ জানান এবং সব ধরনের নির্যাতন থেকে নিজেদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মানববন্ধনে নিজেরা করির নির্বাহী পরিচালক খুশি কবির, দক্ষিণ এশীয় নারী সংহতির ফৌজিয়া খন্দকার ইভা, কর্মজীবী নারীর সভাপতি শিরীন আক্তার, নারী প্রগতি সংঘের আফরোজা বানু প্রমুখ বক্তব্য রাখেন।