প্রথম পর্বের স্থায়ী মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু দুটিতে আগামী ৪ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৯৬ ঘণ্টা সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে। গতকাল রবিবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান।
যোগাযোগ মন্ত্রী আরো জানান—ওই বেঁধে দেয়া সময়ে সব যানবাহন বিকল্প সড়কে চলাচল করবে। সেতু দুটি রক্ষার বৃহত্তর স্বার্থে সাময়িক এ অসুবিধা মেনে নেয়ার জন্য মন্ত্রী সড়ক ব্যবহারকারীদের আহ্বান জানান।
মন্ত্রী সেতু দুটির প্রথম পর্বের স্থায়ী মেরামতকালে চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা যাতায়াতের বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম-কুমিল¬া-ময়নামতি-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-তারাবো মোড় (রূপগঞ্জ)-কাঁচপুর ব্রিজ-যাত্রাবাড়ি-ঢাকা সড়ক এবং ঢাকা-কুমিল¬া-চট্টগ্রাম যাতায়াতের জন্য ঢাকা-যাত্রাবাড়ী-কাচপুর ব্রিজ-তারাবো মোড় (রূপগঞ্জ)-নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-সরাইল বিশ্বরোডের মোড়-ব্রাহ্মণবাড়িয়া-ময়নামতি-কুমিল্ল¬া-চট্টগ্রাম সড়ক ব্যবহারের অনুরোধ জানান।
ওবায়দুল কাদের ওই চার দিনের জন্য রেলমন্ত্রীকে ঢাকা-চট্টগ্রাম পথে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে অনুরোধ জানান।
মেরামতের প্রয়োজনে আগামী ফেব্রুয়ারি ও মার্চে সেতু দুটি কয়েক দিন বন্ধ রাখা হবে বলেও জানান যোগাযোগ মন্ত্রী। উল্লেখ্য, সড়ক ও জনপথের হিসাব অনুযায়ী প্রতিদিন এই দুই সেতু দিয়ে গড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করে।
