‘জাপানের জলসীমায় চীনের দুটি জাহাজ’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৪০
পূর্বচীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় গতকাল সোমবার চীনের রাষ্ট্রমালিকানাধীন দু’টি জাহাজ প্রবেশ করেছে। ভূখন্ডটি জাপানে সেনকাকু ও চীনে দিয়াউস নামে পরিচিত।—খবর এএফপির। একটি জাহাজ জাপানের স্থানীয় সময় ১টা ৩২ মিনিটের দিকে জলসীমায় প্রবেশ করে। অপর জাহাজটি প্রথমটির ২০মিনিট পর জলসীমায় প্রবেশ করে। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাস থেকে চীন জাপানের বিরোধপূর্ণ জলসীমায় কয়েকবার জাহাজ পাঠায়। জাপানের নির্বাচনে রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিজয়ের পর গত ২১ ডিসেম্বর বেইজিং ওই বিরোধপূর্ণ জলসীমায় তাদের জাহাজ পাঠায়। তবে গত বুধবার দায়িত্ব গ্রহণ করে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বেজিংয়ের সাথে টোকিও’র সম্পর্কোন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।