যুক্তরাষ্ট্রের অরিজন রাজ্যে রবিবার বরফে ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে গেলে কমপক্ষে নয়জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়। অরিজনের উত্তর-পূর্বাঞ্চলীয় পেন্ডলেটন শহরের কাছে সকালে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে কানাডার ভ্যাঙ্কুবার যাচ্ছিল উল্লেখ করে অরিজন রাজ্য পুলিশের ওয়েবসাইটে বলা হয়, বাসটি দুইশ ফুট নিচে পড়ে যায়। উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের কাজে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীদের ডাকা হয়েছে। বাসটিতে ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, তাত্ক্ষণিকভাবে যাত্রীদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে এদের অনেকেই বিদেশি বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় বাসের চালক বেঁচে গেলেও মারাত্মকভাবে আহত হওয়ায় তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি।
