নিউইয়র্কে ট্রেনের সামনে ফেলে দিয়ে ভারতীয় অভিবাসী হত্যা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২০:৪১
নিউইয়র্কে ট্রেনের সামনে এক ভারতীয় অভিবাসীকে ধাক্কা দিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের এক নারী। তার স্বীকারোক্তি অনুযায়ী দেশটির টুইন টাওয়ার হামলায় পুষে রাখা ক্ষোভের কারণে বৃহস্পতিবার সে এ হত্যাকাণ্ড ঘটায়। এরিকা মেনেনদেজ (৩১) নামের ঐ নারী পুলিশের কাছে সুনন্দ সেন (৪৬) নামের একজনকে রেললাইনে ধাক্কা দেয়ার কথা স্বীকার করে বলেছে, “আমি হিন্দু ও মুসলিমদের ঘৃণা করি।” নিউইয়র্ক শহরের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি একথা জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। হত্যার অভিযোগে শনিবার মেনেনদেজকে গ্রেফতার করা হয়েছে বলে নিউইয়র্কের আইনজীবীরা জানিয়েছেন। ঘটনার শিকার কলকাতার অধিবাসী সুনন্দ সেন ১৯৯০ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সেখানেই অভিবাসী হিসাবে থেকে যান। তিনি অবিবাহিত এবং যুক্তরাষ্ট্রে তার কোন আত্মীয়-স্বজন নেই। গ্রাফিক নকশার ওপর পড়াশোনা করা সুনন্দ নিউইয়র্কের ম্যানহাটনে সমপ্রতি প্রিন্টিং ব্যবসা শুরু করেছিলেন।