নতুন বছরের ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে গতকাল পাকিস্তান সফর আপাতত স্থগিত বলে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে সফর স্থগিত করার এই ঘোষণা দেন। তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির যে উন্নয়ন তারা আশা করেছিলেন, তা হয়নি। এখনও দেশটির পরিস্থিতি উদ্বেগজনক। এ অবস্থায় দেশের ক্রিকেটারদের সে দেশে পাঠানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির এই সিদ্ধান্তের ফলে সংকটে পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলে ৫৭ জন পাকিস্তানী ক্রিকেটারের নিলাম হয়েছে। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) তাদের বিপিএলে অংশ নিতে দেবে না বলেই জানা গেছে। তারপরও বিসিবি সভাপতি সফর স্থগিত করার পক্ষেই কথা বললেন। বাংলাদেশের ক্রিকেট দলের এই সফর করার ব্যাপারে সাবেক বিসিবি সভাপতি আইসিসির সভায় পিসিবির কাছে আনুষ্ঠানিক অঙ্গীকার করেছিলেন বলেও জানা গেছে। পাকিস্তানে ২০০৯ সালে শ্রীলঙ্কানদের ওপর বোমা হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক দলগুলোর সফর বন্ধ আছে।
