জোর-জবরদস্তি করে ক্ষমতায় থাকলে ৭৫-এর মতো পরিণতি হবে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৪১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে এ সরকার আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা যদি জোর-জবরদস্তি করে ক্ষমতায় থাকতে চায় তাহলে ৭৫ এর মতো পরিণতি বহন করতে হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসন প্রমুখ। মোশাররফ বলেন, ২০১২ সাল ছিল হতাশা আর অরাজকতার বছর। এ বছর ছিল গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায়। সরকার চার বছরে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র নিশ্চিত করতে পারেনি। তাই এ সরকারের কাছে ভালো কিছু আশা করা যায় না। আর আগামীতে আমরা পা রাখছি অনিশ্চয়তা আর আতঙ্কের বছরে। এ অনিশ্চয়তা ও আতঙ্ক দূর করতে হলে এ সরকারকে ক্ষমতা থেকে হঠাতে হবে।