জাতীয় পার্টির (জেপি) গৌরবের ২৭ বছর

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১২, ২২:৪২
আজ পূর্ণ হচ্ছে জাতীয় পার্টির (জেপি) প্রতিষ্ঠার ২৭ বছর। ১৯৮৬ সালের এই দিনে দেশ থেকে সামরিক শাসনের অবসান, গণতন্ত্র ও সাংবিধানিক শাসন পুনপ্রবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টির জন্ম হয়। জাতীয় পার্টি এই দীর্ঘ ২৭ বছরে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা, সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা সুসংহতকরণ, অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য বিমোচন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রেখেছে। জাতীয় পার্টি বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এমন একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে চায়—যেখানে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণ ন্যায়বিচার পাবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়রোধ করে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে পারবে। নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় পার্টির নেতা ও কর্মীরা আজ নতুন সংগ্রামের শপথ গ্রহণ করবেন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে জাতীয় পার্টির (জেপি) সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকাল সাড়ে ৩টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সভাপতিত্ব করবেন। পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম জেপি-র সকল শাখাকে কেন্দে র অনুরূপ কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন।