যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (৬৫) মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত জটিলতা অনেকখানি কাটিয়ে উঠেছেন। তাঁর ডান কানের পেছনে ‘মস্তিষ্ক ও খুলির মধ্যবর্তী’ শিরায় রক্ত জমেছে বলে চিকিত্সকরা জানিয়েছে। তবে তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
গত মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে যান হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে তাঁর রক্ত জমাট বাঁধার জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে চিকিত্সকেরা জানিয়েছে, রক্ত জমাট বাঁধার কারণে হিলারি ক্লিনটন স্ট্রোক বা স্নায়বিক কোনো জটিলতায় আক্রান্ত হননি। তিনি চিকিত্সক, পরিবারের সদস্য ও অন্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করছেন। এর আগে হিলারির মুখপাত্র ফিলিপ রাইনস জানান, গত রবিবার স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। এ কারণে তাঁকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে সে সময় হিলারির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সফর বাতিল করা হয়।
