সংঘাত অবসানের ডাক দিলেন উত্তর কোরীয় নেতা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৭
নতুন বছরের শুরুতেই কোরিয়া উপদ্বীপে সংঘাত অবসানের আহ্বান জানিয়ে বিস্ময় সৃষ্টি করলেন উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত নতুন বছরের স্বাগত ভাষণে তিনি এ আহ্বান জানান। ২০১১ সালে বাবা কিম জং ইল মারা যাওয়ার পর উত্তর কোরিয়ার দায়িত্ব নেন তরুণ নেতা উন। ভাষণে তিনি বলেন, “উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘাতের অবসান ঘটিয়ে দুই কোরিয়ার একত্রীকরণের মাধ্যমে বিভক্তি দূর করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংঘাত যুদ্ধ ছাড়া আর কিছু দেয় না। উত্তর ও দক্ষিণ কোরিয়াকে একত্রে ডেমক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া নামক একটি একক রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে উত্তর কোরিয়া।” উনের দাদা উত্তর কোরিয়ার স্থপতি নেতা কিম ইল সাঙয়ের মৃত্যুর পর ১৯ বছরের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নতুন বছরে স্বাগত ভাষণ দিলেন। যুদ্ধবিরতির মাধ্যমে তিন বছরের কোরিয়া যুদ্ধ (১৯৫০-৫৩) শেষ হওয়ার পর কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি না হওয়ায় কাগজে-কলমে দুই কোরিয়া এখনও যুদ্ধের মধ্যেই আছে।