রায়পুরা উপজেলায় প্রায় ৬সহস্রাধিক প্রতিবন্ধীর মধ্যে ভাতা পাচ্ছে মাত্র ১হাজার ৫৬ জন। ফলে ভাতা বঞ্চিত রয়েছে আরো প্রায় ৫ হাজারেরও বেশি প্রতিবন্ধী।
জানা যায়, উপজেলার ২৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় বসবাসরত প্রায় ৬ লাখ লোকের মধ্যে শতকরা ১০ ভাগ প্রতিবন্ধী। সে অনুপাতে উপ-জেলায় প্রতিবন্ধীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৬ সহস্রাধিক। এর মধ্যে উপজেলা সমাজসেবা অফিস থেকে সরকারিভাবে ১হাজার ৫৬ জন প্রতিবন্ধীকে ভাতা প্রদান করা হচ্ছে। একজন প্রতিবন্ধী প্রতিমাসে ৩শ’ টাকা ভাতা পাচ্ছে। তিন মাস অন্তর অন্তর বরাদ্দ আসায় প্রতিবন্ধীরা নিজ নিজ ব্যাংক একাউন্ট থেকে ৯০০ টাকা করে নিজ দায়িত্বে ভাতা উত্তোলন করে থাকেন।
এদিকে নতুন আরো প্রায় দেড় হাজার আবেদন জমা পড়ে আছে সমাজসেবা অফিসে। কিন্তু গত ২০১১-২০১২ ও ২০১২-২০১৩ ইং অর্থ বছরে প্রতিবন্ধী ভাতার নতুন কোন বরাদ্দ না আসায় জমাকৃত প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা যাচ্ছে না বলে জানান একজন কর্মকর্তা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেদোয়ান হোসেন জানান, আমাদের কাছে প্রতিবন্ধীদের নতুন প্রায় দেড় হাজার আবেদন জমা রয়েছে। কিন্তু গত দুই অর্থ বছরে নতুন কোন ভাতা বরাদ্দ না আসায় তাদেরকে ভাতা দিতে পারছি না।
