পলাশে জাতীয়তাবাদী ফোরাম নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২১:২৪
পলাশ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক পথিকউল্লাহ পথিককে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল রেল স্টেশনের কাছে মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পথিকউল্লাহকে বাঁচাতে এগিয়ে আসলে লিমন নামে এক যুবক আহত হয়। জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, পথিকউল্লাহর শরীরে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘোড়াশাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পলাশ থানার ওসি শাহাদাত হোসেন এক দল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। পলাশ থানায় সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি বলে ডিউটি অফিসার জানান। সূত্র জানায়, বিএনপির দুটি গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পথিক খুন হয়ে থাকতে পারে। নিহত পথিক বিএনপি নেতা এলদেম কবিরের সমর্থক এবং তার প্রতিপক্ষরা ড. মঈন খানের সমর্থক বলে জানা গেছে।