‘থার্টি ফার্স্ট নাইটের’ প্রচলিত ধারার বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতির আলোকে সোমবার ‘বাংলাদেশ কনসার্ট’ নামক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৩ খ্রিষ্টাব্দকে বরণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সোমবার সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে এই কনসার্ট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য র আ ম মোকতাদির রহমান চৌধুরী প্রদত্ত এক লাখ টাকার চেক প্রদান করেন।
উপাচার্য বলেন, রিকশাচালক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে স্বাধীনভাবে আয়ের লক্ষ্যে সংসদ সদস্য এই অর্থ অনুদান হিসেবে দিয়েছেন। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাউদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি দোকান এবং তার এক কন্যাকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান করবে।
কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য, বুলবুল মহলানবীশ ও তিমির নন্দীকে সম্মাননা জানানো হয়। তারা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কফিল আহমেদ, বাউল ফকির নাহিদ এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
কনসার্টের শুরুতে উপাচার্য বলেন, এ ধরনের অনুষ্ঠান অপসংস্কৃতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, বিজয়ের এই মাসে বিদেশি অপসংস্কৃতির প্রবাহে নিজেদের ভাসিয়ে দিলে চলবে না। উপাচার্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানান।
উপাচার্য বলেন, সকল অনাচার, অপসংস্কৃতি রোধ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই স্বকীয় অনুষ্ঠানের বার্তা দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের মেডিসন স্কয়ারে বাংলাদেশের মুক্তি সংগ্রামে সমর্থনে অনুষ্ঠিত জর্জ হ্যারিসন, বব ডিলান ও পন্ডিত রবি শংকরের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ভিডিও চিত্র দেখানো হয়। সমগ্র অনুষ্ঠানটি বাংলাদেশের সুহূদ বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ পন্ডিত রবি শংকরের প্রতি উত্সর্গ করা হয়।
