পাশ্চাত্য সংস্কৃতির অবাধ চর্চার মধ্যদিয়েই পর্যটন শহর কক্সবাজারে উদযাপিত হলো ইংরেজি বর্ষবরণ আর বিদায় অনুষ্ঠান। এসব অনুষ্ঠান ও বছরের শেষ সূর্যাস্ত দেখতে গত সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে সমবেত হয়েছিলেন অন্তত দুই লাখ পর্যটক। এছাড়া এসব অনুষ্ঠানে যোগ দেয় আরো লক্ষাধিক স্থানীয় মানুষ। ফলে লোকে লোকারণ্য হয়ে পড়েছিল কয়েক কিলোমিটার জুড়ে সমুদ্র সৈকত।
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেলের লাইভ কনসার্টে ছিল লাখো মানুষের উপচেপড়া ভিড়। রাত ১২টা ১ মিনিটে আতশবাজিসহ সব মিলিয়ে ছিল অন্যরকম আয়োজন।
আনন্দ উত্সবকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও মাদকের ছড়াছড়ি ছিল লক্ষণীয়। এছাড়া বর্ষ বিদায়ের অনুুষ্ঠান করার অনুমতি নিয়ে রীতিমত যাত্রামঞ্চ বানানোর অভিযোগে স্থানীয় প্রশাসন তারকা মানের একটি হোটেলের কনসার্ট শেষ মুহূর্তে বন্ধ করে দিতে বাধ্য হয়।
থার্টিফার্স্ট নাইট উদযাপনে প্রায় বড় তারকা মানের হোটেল মোটেল কর্তৃপক্ষ নানান অনুষ্ঠানের আয়োজন করেছিল। ছিল ডিজে কনসার্ট আর ডিনার। সৈকত পাড়ের তারকা মানের হোটেলগুলোর আউটডোরে আন্তর্জাতিক মানের লাইভ কনসার্টের বিশেষ আয়োজনও ছিল।
হোটেলের আয়োজনে মাদক ও অশ্লীলতার প্রভাব থাকবে না বলে প্রচার করা হলেও বাস্তবে ঘটেছে উল্টো চিত্র। সূত্র মতে, থার্টিফার্স্ট নাইটে কক্সবাজার শহরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কিছু কিছু হোটেলে অশ্লীল নৃত্য আর মাদকের ছড়াছড়ির কারণে সপরিবারে যাওয়া অনেক ভদ্র পরিবারের সদস্যরা পড়েন বেকায়দায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের এমন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ ডিসেম্বর রাতে একটি হোটেলের ২য় ও ৮ম তলায় আয়োজন করা হয় কনসার্টের। কিন্তু ২য় তলার পুরো অনুষ্ঠানের আয়োজন ছেড়ে দেয়া হয় স্থানীয় কিছু চিহ্নিত ব্যক্তিকে। অনুষ্ঠানটির টিকেটও বিক্রি করা হয় চড়া দামে। এই অনুষ্ঠানে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল শিল্পীর নগ্ন নৃত্যের আয়োজনের পাশাপাশি ছিল মাদকের ছড়াছড়ি।
রাত ১২টার আগ মুহূর্তে অনুষ্ঠানটির অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেয়া হয়।
কক্সবাজার মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) মোহাম্মদ সাহেদ উদ্দিন ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক নূর উদ্দিন জাহেদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, অনুমতি নেয়ার আগের শর্ত ভঙ্গ করে তারা অশ্লীল নৃত্যানুষ্ঠান চালালে তা পণ্ড করে দেয়া হয়।
অন্যদিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র থার্টিফার্স্ট নাইট ওপেন বিচ কনসার্ট পর্যটকদের মাতিয়ে তুলে। এ অনুষ্ঠান সরাসরি সমপ্রচার করে টেলিভিশন চ্যানেলটি। কনসার্টে খ্যাতিমান শিল্পী এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, হায়দার হোসেন, হূদয় খান, রাজিব, ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা ও ব্যান্ড দল ড্রিক অংশ নেয়।
এদিকে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যটন শহরের অলিগলি থেকে শুরু করে ৫ তারকা ও ৩ তারকা মানের হোটেল, পর্যটন মোটেল জোনের রেস্ট হাউস, গেস্ট হাউস, আবাসিক হোটেল, কটেজ, ফ্ল্যাট বাড়িসহ কোথাও তিল ধারণের জায়গা ছিল না। কনকনে শীত উপেক্ষা করে হাজার হাজার পর্যটক চার শতাধিক হোটেল মোটেলে ঠাঁই না পেয়ে বিভিন্ন বাসাবাড়ি, রাস্তা এবং গাড়িতে রাত কাটিয়েছেন।
