নওগাঁয় ১০ শিক্ষকের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:২৭
সরকারি নথির পাতা পরিবর্তন করে এবং নথি গোপন করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাত্ করার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জুনিয়র অডিটরসহ নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষকের বিরুদ্ধে গত সোমবার রাতে মান্দা থানায় ১০টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহীস্থ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুছ ছাত্তার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। প্রতিটি মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব শাখার জুনিয়র অডিটর আব্দুস ছাত্তার প্রামাণিককে দুই নম্বর আসামি করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধসহ দণ্ডবিধি আইনের ৪০৯, ১০৯ ও ৪৭৭(ক) ধারার অভিযোগ উত্থাপন করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতিটি মামলার দুই নম্বর আসামি আব্দুস ছাত্তার প্রামাণিক তত্কালীন সময়ে নওগাঁর মান্দা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে কর্মরত থাকা অবস্থায় উপজেলার কশব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফসার আলী প্রামাণিক, হাটচকগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইসমাইল হোসেন মণ্ডল, পাঁজরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানবক্স মণ্ডল, বৈদ্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলী সরদার, ভালাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাহার আলী শাহ, সদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোবারক আলী প্রামাণিক, পারইটুঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন শাহ, চককেশব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফাতুল্যা শাহ, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হজরতুল্যা সরদারের সহযোগিতায় শিক্ষকদের জিপিএফ ফান্ডের সরকারি নথির পাতা পরিবর্তন ও গোপন করে মোট ২২ লাখ ৩৪ হাজার ৪৭৪ টাকা আত্মসাত্ করেন। দুদকের সহকারি পরিচালক আব্দুছ ছাত্তার জানান, আব্দুস ছাত্তার প্রামাণিকের যোগসাজশে উল্লেখিত ১০ জন শিক্ষক ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের বিভিন্ন সময়ে তাদের নায্য পাওনার অতিরিক্ত হিসাবে ২২ লাখ ৩৪ হাজার ৪৭৪ টাকা সরকারি কোষাগার থেকে তুলে নেয়। নওগাঁর মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী দুদকের করা মামলার সত্যতা নিশ্চিত করেন।