সমুদ্র পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: নৌমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে মেরিটাইম তথা সমুদ্র পরিবহন খাতে অর্থনীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সেক্টরে দক্ষ জনশক্তির কর্মসংস্থানের এক বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশকেও এই সুযোগের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় সব রকম সহায়তা প্রদান করবে। গতকাল ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক মেরিটাইম সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি পাঁচতারকা হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক ও কেমব্রিজ মেরিটাইম কলেজের পরিচালক খোরসেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, মালয়েশিয়া শিপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি দাতো ইব্রাহিম আব্দুল হক মোহাম্মদ আমিন, মেরিটাইম শিক্ষা বিশেষজ্ঞ অধ্যক্ষ এ কে এম আনসারুল আজিম, জাহাজ নির্মাণ শিল্পের শীর্ষস্থানীয় উদ্যোক্তা তোফায়েল কবির খান প্রমুখ। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ ও দেশি-বিদেশি প্রতিনিধিগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। নৌপরিবহন মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে জাহাজ তৈরির কথা চিন্তাই করা যেত না। আজ বাংলাদেশ কেবল জাহাজ নির্মাণই করছে না, বিভিন্ন দেশে আধুনিক জাহাজ রপ্তানিও করছে। আগামীতে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।