বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দলীয় বা বহুদলীয় সরকার কোনোটার অধীনেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। আর বর্তমান রাষ্ট্রপতির অধীনেও কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। কারণ সেটাও দলীয় সরকার হবে। তিনি বলেন, এখন স্বাধীনতার পক্ষে-বিপক্ষে কোনো শ্লোগান বাংলাদেশে কাজ করবে না। এখন একটিই শ্লোগান। গণতন্ত্রের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। গণতন্ত্রের বিপক্ষে আছেন শেখ হাসিনা আর গণতন্ত্রের পক্ষে আছেন খালেদা জিয়া।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘২০১৩ সাল ভোট ভাত ও স্বাধীনতা রক্ষার জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভায় তিনি একথা বলেন। আয়োজন সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শাম্মী আকতার এমপি প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা মাঝে মাঝে আলোচনার জন্য আহবান করেন। তার উত্তর আগেও দিয়েছি। আজ ভাল করে বলতে চাই, আমরা আলোচনা করতে চাই। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা আপনারাই বাতিল করেছেন। আপনারা আগে বলেন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃসংযোজনের জন্য আলোচনা করবেন। তাহলে প্রধান উপদেষ্টা কে হবেন সে বিষয়ে আলোচনা করতে আমরা আগ্রহী আছি। তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের এই দাবি জনগণের দাবি।
