টাঙ্গাইলের শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীকে সুস্থ করে তোলা ও আইনি ব্যবস্থাসহ যা প্রয়োজন সরকারের পক্ষ থেকে করা হবে। যদি চিকিত্সার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হয় তবে সে বিষয়ে সরকার ভেবে দেখবে। গতকাল বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে মেয়েটিকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল হাসপাতালে স্কুলছাত্রীকে দেখতে গিয়েছিলেন কৃষক শ্রমিক লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারকৃত পাঁচজনকে গতকাল রিমান্ডে নিয়েছে মধুপুর থানা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জড়িতদের শাস্তির আশ্বাস দিয়েছেন।
ওয়ান স্টপ ক্রাইসিসের সমন্বয়-কারী ডা. বিলকিছ বেগম বলেন, মেয়েটির সুস্থ হতে কিছুটা সময় লাগবে। মেয়েটিকে দেখতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমি যেখানে যাই সেখানে হূদয় নিয়ে যাই। যদি সুযোগ পাই এ মেয়েটিকে লালন-পালনের চেষ্টা করবো।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, গ্রেফতারকৃতদের আমলী আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চারজনকে তিনদিনের ও একমাত্র নারী আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর করে। রবিবার গভীর রাতে মধুপুরের বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মধুপুর থানায় ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকালে মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মানববন্ধন করে মধুপুর বাসস্ট্যান্ডে। পরিষদের সদস্য সচিব মাসুদ পারভেজের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ বজলুর রশীদ চুন্নু, অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম, প্যানেল মেয়র শরীফ হোসেন প্রমুখ। একই দাবিতে ধনবাড়ি উপজেলা শহরে প্রতিবাদ সভা করে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ধনবাড়ি উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন আবদুল্লাহ আবু এহসান।
