দিল্লিতে ধর্ষকদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

আপডেট : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
ভারতের দিল্লিতে মেডিক্যাল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে নামবেন না আইনজীবীরা। আজ বৃহস্পতিবার দক্ষিণ নয়াদিল্লির সাকেত জেলা আদালতে মামলার শুনানি শুরু হবে। সাকেত জেলা বার কাউন্সিলের সদস্য সঞ্জয় কুমার জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন, এই আদালতের কোন আইনজীবীই জঘন্য অপরাধীদের পক্ষে আদালতে দাঁড়াবেন না। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির। প্রায় এক হাজার পৃষ্ঠার চার্জশিট দিতে পারে পুলিশ। দিল্লি ও সিঙ্গাপুরের ডাক্তার যারা ঐ তরুণীর চিকিত্সা করেছেন তাদের নিয়ে মোট ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। এই মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে পূর্ণবয়স্ক পাঁচজনকে বিখ্যাত তিহার জেলে রাখা হয়েছে। অন্য আসামিদের হামলার আশঙ্কায় তাদেরকে আলাদা করে বিশেষ সেলে রাখা হয়েছে। দিল্লিতে দ্রুত বিচার আদালতে মামলার শুনানি শুরু হবে। আজ তাদেরকে আদালতে হাজির করা হবে না। এদিকে ধর্ষণ ও হত্যার বিচার ও নারীর নিরাপত্তার দাবিতে গতকাল দিল্লিতে হাজার লোক পদযাত্রা করে। দিল্লি রাজ্য সরকার ও দিল্লি নারী কমিশন আয়োজিত এই পদযাত্রায় নেতৃত্ব দেন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। অন্যদিকে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যান্য শহরেও বিক্ষোভ চলছে। ১৬ ডিসেম্বর দিল্লিতে বাসে ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের পর এক মেডিক্যাল ছাত্রীকে বন্ধুসহ বাস থেকে ফেলে দেয়া হয়। ভারতে সর্বোচ্চ প্রচেষ্টার পরও ঐ ছাত্রীর অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছিল। ডাক্তারদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে গত শুক্রবার রাতে পৃথিবী থেকে চির বিদায় নেন ঐ তরুণী। ধর্ষণের ঘটনার পর ভারত জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছে বাসচালক রাম সিং ও তার ভাই মুকেশ, অক্ষয় ঠাকুর, পাবন এবং বিনয়। এছাড়া গ্রেফতারকৃত অপরজনের বয়স কম বলে জানানো হয়েছে। তার বয়স পরীক্ষা করতে আদালতে আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে।