হাসপাতাল ছেড়েছেন হিলারি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৮
মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় টানা কয়েকদিন হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হিলারির অবস্থার দ্রুত উন্নতি ঘটছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তার চিকিত্সকরা। হিলারি দ্রুত কাজে ফিরতে চান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ৬৫ বছর বয়সী হিলারিকে বুধবার তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসির সঙ্গে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এর আগে সর্বশেষ গত সাত ডিসেম্বর হিলারিকে জনসম্মুখে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন ৬৫ বছর বয়সী হিলারি। সেই সময় মাথায় আঘাত থেকেই রক্ত জমাট বাঁধার মতো জটিলতার সৃষ্টি হয়। তখন অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, পেটের পীড়ায় আক্রান্ত হিলারি দুর্বলতার কারণে সংজ্ঞা হারিয়েছিলেন।