পাকিস্তানে তালেবান কমান্ডার মোল্লা নাজির নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৮
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের উত্তর পশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন বিমান হামলায় তালেবান কমান্ডার মোল্লা নাজিরসহ ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে। স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়,ভোর তিনটার দিকে মোবারক শাহি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন থেকে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে তালেবান কমান্ডার মোল্লা নাজিরসহ তিনজন নিহত হয়। হামলার পর বিধ্বস্ত গাড়িটি থেকে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ সরিয়ে আনার চেষ্টা করেন। এরপর আবারো একই স্থানে আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে আরও ১০জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। নিহতদের মধ্যে অপর একজন হচ্ছে মোল্লা নাজিরের সহকারী রাতা খান । বাকিদের পরিচয় জানা যায়নি। মোল্লা নাজিরের বিরুদ্বে আফগান তালেবানের সমর্থনে যোদ্বা প্রেরণ এবং দেশি বিদেশি বাহিনীর ওপর নানা হামলার অভিযোগ রয়েছে। এর আগে নভেম্বরে বোমা হামলায় মোল্লা নাজির আহত হয়েছিলেন। তবে এ হামলার বিষয়ে অন্য একটি সূত্র জানায়,মোল্লা নাজিরসহ তার অপর সহকারীরা সেদিন একটি বাড়িতে মার্কিন ড্রোন থেকে পরপর চারটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।