সেবার গাড়ি এখন মতলবের গ্রামাঞ্চলে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৭
সেবার গাড়ি এখন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গ্রামাঞ্চলে। জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ পরিবারের সদস্য গ্রামীণ কমিউনিকেশনস গ্রামের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সামাজিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ গাড়ি সেবা। বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে একটি গ্রামওয়েব উদ্যোগে ‘সেবার গাড়ি আসছে বাড়ি’ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন- মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ উপলক্ষে ছেংগারচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও গ্লোবাল কমিউনিকেশনের পরিচালক এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইসমাঈল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতাম বোরহান উদ্দিন, ইনফরমেশন ম্যানেজমেন্ট এক্সপার্ট পার্থ প্রতীম ঘোষ, বিজনেস ডেভলপমেন্ট সিনিয়র এক্সপার্ট মো. আব্দুল্লাহ আল এমরান প্রমুখ। সেবার গাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, আনন্দবাজার, পাঁটানী বাজার, গজরা বাজার, ছেংগারচর ও ঘনিয়ারপাড় ছয়টি সেবা কেন্দ্রে নির্দিষ্ট দিনে অবস্থান করবে এবং উক্ত এলাকার মানুষকে বিভিন্ন সেবা প্রদান করবে।