উত্তর যাত্রাবাড়ি ঢাকা শহরের ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্টিল, পিতল, লোহা, পাইপ এবং বিভিন্ন কেমিক্যাল কারখানা স্থাপন করে আবাসিক এই এলাকাটিকে ‘শিল্প এলাকা’ হিসেবে পরিচিত করার চেষ্টা করছে। এখানকার কলাপট্টি রোড ও খালপাড় নতুন রোডের মাঝখানে দুই রাস্তার সংযোগকারী রাস্তাটি স্টিল রোড হিসেবে পরিচিতি লাভ করেছে। দিন-রাত ২৪ ঘণ্টা কারখানাগুলো শিফট্ হিসাবে চালু থাকায় রাস্তায় লোকজনের আনাগোনাও থাকে সর্বক্ষণ, যা এককথায় অস্বস্তিকর। প্রচণ্ড শব্দে অতিষ্ঠ এলাকাবাসী।
কলাপট্টিতে কারখানায় ব্যবহার্য বিভিন্ন স্টিলের শিট, পাইপ, বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রীর হরেক রকম দোকান রয়েছে, যার ফলে চলাচলের সময় পড়তে হচ্ছে নানান বিব্রতকর পরিস্থিতিতে, মাঝে মাঝে শরীরে লেগে কাপড়-চোপড় ছিঁড়ে যাবার ঘটনাও ঘটছে। শারীরিকভাবে আহতও হতে হচ্ছে অনেককে। দোকানগুলোতে মালামাল বিক্রির জন্য প্রায় সবসময়ই রাস্তার মধ্যে ভ্যানগাড়ি, পিকআপ ভ্যান রাস্তা দখল করে মালামাল ওঠানো-নামানোর কারণে রাস্তায় অহেতুক যানজটের কবলে পড়তে হচ্ছে।
এই আবাসিক এলাকায় বায়ু দূষণের ফলে জনসাধারণের ক্ষতির পরিমাণ অপূরণীয়। কারখানা থেকে নির্গত ক্ষতিকর সীসা, তরল সলিউশন, র্যাক্সিন, ফোম, বিষাক্ত ধোঁয়া জনজীবনের জন্য আজ মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলে এলাকার মানুষকে শ্রবণশক্তি হ্রাস, ফুসফুস এবং ত্বকের ক্যান্সারসহ বিবিধ জটিল দুরারোগ্য ব্যাধির সম্মুখীন হতে হচ্ছে অহরহ। অতীতে কারখানাগুলোতে ভয়াবহ আগুন লাগার ঘটনাও কম ঘটেনি।
পরিশেষে, সরকার ঢাকার চারদিকে শিল্পনগরী স্থাপনের যে উদ্যোগ নিয়েছেন, সেখানে এই এলাকার কারখানাগুলোকেও রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
তানভীর আহমেদ রানা,
উত্তর যাত্রাবাড়ী, ঢাকা
