চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা কার হচ্ছে। ধানের চেয়ে সরিষা লাভ জনক হওয়ায় সরিষা আবাদে কৃষকেরা ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে।
জেলা কৃষি অফিস জানায়, এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮ হাজার ৪৪৪ হেক্টর। অর্জিত হয়েছে ১১ হাজার ৫৫ হেক্টর। লক্ষ্যমাত্রা অপেক্ষা ৩ হাজার ১১১ হেক্টর অতিরিক্ত আবাদ হয়েছে। গতবার সরিষার আবাদ হয় ৮ হাজার হেক্টর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, এই জেলায় গম, সরিষা আলুসহ বিভিন্ন রবি ফসলের আবাদ লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। কারণ, রোপা মৌসুমে সেচ সংকটের কারণে ধানের আবাদ কিছুটা কম হয়। কিছু জমি অনাবাদী থাকে। এই সব জমিতে এবার ব্যাপকভাবে আবাদ করা হয়েছে গম, সরিষাসহ বিভিন্ন রবি ফসলের। পদ্মা, মহানন্দা ও পাগলা নদীর চরাঞ্চলে ব্যাপকভিত্তিতে আবাদ হয়েছে রবি ফসলের। এর মধ্যে সদর উপজেলায় সরিষার আবাদ হয়েছে ৩ হাজার ৭৫০ হেক্টর, গোমস্তাপুরে ১ হাজার ৯’শ ৮০ হেক্টর, নাচোলে ২হাজার ৮৪০ হেক্টর, ভোলাহাটে ৫৮৫ হেক্টর ও শিবগঞ্জে২ হাজার ৪’শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
