লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসী গ্রুপ আজিজ ও শামীম বাহিনীর মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধে রাসেল ও নবী হোসেন নামে ২জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় তাদের মধ্যে শতাধিক রাউন্ড গুলি ও ৫টি রকেট নিক্ষেপ করা হয় বলে স্থানীয় বাসিন্দারা জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার দুপুরে আজিজ বাহিনীর প্রধান আজিজের পুত্র বিপ্লবসহ তার লোকজন দত্তপাড়া বাজার থেকে শামীম গ্রুপের সদস্য মঞ্জুকে মারধর করে একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া ব্রিক ফিল্ড এলাকায় শামীম বাহিনীর লোকজন আজিজ বাহিনীর উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় ছাড়াও ৫টি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আজিজ বাহিনীর ক্যাডার রাসেল ও নবী হোসেন গুলিবিদ্ধ হয়।
এদিকে সাবেক ইউপি সদস্য আজিজের ছেলে বিপ্লব জানান, শামীম বাহিনীর লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালায় এবং তাদের লক্ষ্য করে ৭০/৭২ রাউন্ড গুলি বর্ষণ ও ৫টি রকেট নিক্ষেপ করে।
অপরদিকে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম জানান, তারা ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করতে গেলে আজিজ বহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। এ সময় তাদের সাথে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়। এ ব্যাপারে জানতে চাইলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই কাজী আলাউদ্দিন জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলিবিনিময়ের কথা তিনি শুনেছেন তবে কোন হতাহতের ঘটনা তার জানা নেই।
