সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এডভোকেট টিএইচ খান বলেছেন, বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার স্বার্থে হাইকোর্টের বিচারকের পদ থেকে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ করা উচিত। কারণ বিচারকের আসনে বসে সততা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে হয়। কিন্তু বিচারপতি নিজামুল হক সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে বিচারপতি নিজামুল হকের পদত্যাগের দাবিতে সাধারণ আইনজীবীদের বিশেষ সভায় গত বুধবার সভাপতির বক্তব্যে টিএইচ খান এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যুদ্ধাপরাধ মামলার বিষয়ে বিচারপতি নিজামুল হক প্রবাসী এক আইনজীবীর সঙ্গে স্কাইপ সংলাপ ও ই-মেইল আদান প্রদান করে সংবিধান লংঘন করেছেন। তিনি স্বাধীনভাবে বিচার কাজ করার ক্ষমতা হারিয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, কোন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নই, আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার পক্ষে। বিচারপতি নিজামুল হক বিচারকের আসনকে অপব্যবহার করেছেন।
ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেন, বিচারপতি নিজামুল হক সংবিধান লংঘন ও বিচারকদের জন্য প্রণীত আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তিনি নিজেই দায়ী।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।
