গার্মেন্টস শ্রমিকদের প্রতি আরো আন্তরিক হতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিল্প এগুতে হলে শ্রমিকদের জীবনমান উন্নত করার বিকল্প নেই। এক্ষেত্রে মালিকপক্ষ বড় ভূমিকা পালন করবে। সরকার সহায়তা করবে। তবে সার্বিকভাবে মালিক-শ্রমিক ও সরকারকে একযোগে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজিএমইএ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমপ্রতি তাজরীন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে আহতদের গ্রুপ বীমার চেক হস্তান্তর, শ্রমিকদের সন্তানদের বৃত্তি এবং কারখানার দক্ষ কর্মীদের সনদ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন।
দীপু মনি তাজরীনের মত দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য মালিকদের সজাগ থাকার পাশাপাশি ইউরোপ ও আমেরিকায় রফতানির জন্য নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ভারতে ৪৫টি পণ্যের এবং চীনে প্রায় ৯৮ শতাংশ পণ্যের রফতানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেছে। রাশিয়া, বেলারুশ ও কাজাখস্তানে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই সাথে ল্যাটিন আমেরিকার দেশুগুলোতে উদ্যোগ নেয়া হয়েছে।
সফিউল ইসলাম মহিউদ্দিন সমপ্রতি চট্টগ্রাম বন্দরে অযাচিতভাবে চার্জ বাড়িয়ে দিয়ে রফতানিকারকদের জিম্মি করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে রেফারির ভূমিকা পালন করুক। সেই সাথে বিদেশে অবস্থানরত দূতাবাসগুলোকে রফতানি বৃদ্ধির ক্ষেত্রে আরো তত্পর হতে পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি ও সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে তাজরীন গার্মেন্টসসহ অন্যান্য গার্মেন্টস কারখানায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের হাতে গ্রুপ বীমার চেক তুলে দেয়া হয়। সেই সাথে শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার জন্য বৃত্তি ও দক্ষ শ্রমিক-কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন পররাষ্ট্র মন্ত্রী।
