তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব আট বছরেও দুদকের তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:০৭
দুর্নীতি দমন ব্যুরো এর আমলে দায়ের করা মামলায় আট বছরে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। ৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছ। এছাড়া তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সূত্র জানায়, ২০০৪ সালের ১ নভেম্বর সাতক্ষীরা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা করে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো। মামলায় এজাহারে তার নিজের এবং স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২৫ লাখ ৩৪ হাজার ৩৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলাটি তদন্তের দায়িত্ব পান ব্যুরোর পরিদর্শক ওয়াজেদ আলী। কিন্তু গত আট বছরেও এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। চলতি সপ্তাহে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মজিবুর রহমান। মজিবুরের পক্ষে এডভোকেট আবদুল বাসেত মজুমদার এবং রাষ্ট্রপক্ষে সহকারী এটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ শুনানি করেন।