রাডার কেনায় দুর্নীতির অভিযোগে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদের বিরুদ্ধে মামলায় বিমানের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মো. সিদ্দিক আলমের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গত ২৯ আগস্ট এ মামলায় তিনি ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. নূরুল ইসলামের আদালতে জবানবন্দি দেন। ওই দিন আংশিক জেরার পর ২১ নভেম্বরও এরশাদসহ অন্যান্য আসামির আইনজীবীরা তাকে জেরা করেন।
গতকাল বৃহস্পতিবার অসম্পন্ন জেরা শেষ হয়। আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। সিদ্দিক আলম ১৯৮৩ সালে এয়ার হেড কোয়ার্টারের পরিচালক (সিএন্ডআর) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাক্ষ্যে বলেন, তাকে বিমান বাহিনীর সদর দপ্তর হতে একটি দলের হয়ে রাডার মূল্যায়নের জন্য বিদেশ যেতে বলা হয়। ওই দলে আরো ছিলেন তত্কালীন গ্রুপ ক্যাপ্টেন আলতাফ হোসেন চৌধুরী ও গ্রুপ ক্যাপ্টেন আনোয়ার করিম খান। ওই বছরের ২০ নভেম্বর হতে ১৯ ডিসেম্বর পর্যন্ত বিমান সদর দপ্তরের নির্দেশে তারা ব্রিটিশ ও আমেরিকার বিভিন্ন কোম্পানির রাডার পরিদর্শন করেন।
সিদ্দিক আলম জানান, পরিদর্শন শেষে রাডারের অপারেশনাল সাইড নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে দলের প্রধান আলতাফ হোসেন চৌধুরীর কাছে জমা দিয়েছিলেন তিনি ।
