বিএসএফের গুলিতে ভারতীয় এক গরু ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় হিলি এলাকায় স্থানীয় কংগ্রেস ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয়। এ কারণে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, ভারতে হিলি সীমান্তের লস্করপুরে বিএসএফের সঙ্গে গরু ব্যবসায়ীদের বুধবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। এতে হিলি থানার ধলোপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে গরু ব্যবসায়ী সলেমন হোসেন (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই থানার লস্করপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৩২) ও আরো একজন আহত হন। বিএসএফের নির্যাতনের প্রতিবাদে স্থানীয় কংগ্রেস বুধবার গভীর রাতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় এবং মাইকে বিষয়টি প্রচার করে। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। আটকা পড়েছে সীমান্তের ওপারে শত শত পণ্যবাহী ট্রাক। তবে হিলি বন্দরের ভেতরে পণ্য উঠানো- নামানোর কাজ হয়েছে।
