কোকোর পাচার করা অর্থের লভ্যাংশের ১৫ লাখ টাকা ফেরত এসেছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২২
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা টাকার লভ্যাংশের ১৫ লাখ টাকা সিঙ্গাপুরের একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফেরত এসেছে। দুদক চেয়ারম্যান গোলাম রহমান গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, লভ্যাংশের কয়েক লাখ টাকা এসেছে। তবে বিস্তারিত তথ্য এখনো পায়নি। গত বছরের ২২ নভেম্বর সিঙ্গাপুর থেকে কোকোর পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৩ কোটি টাকা) দুদকের অ্যাকাউন্টে আসে। বৃহস্পতিবার এ টাকার লভ্যাংশ ২৩ হাজার ৮শ’ সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ টাকা) সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখার ব্যাংক অ্যাকাউন্টে আসে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে কোকো অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি টাকা পাচার করেন বলে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। মুদ্রা পাচারের এই মামলায় কোকোর ছয় বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩৮ কোটি ৮৩ লাখ টাকা জরিমানা হয়েছে।