কুড়িগ্রামে গত বছর বন্যা সহনশীলজাত ধান চাষাবাদ সমপ্রসারণের লক্ষ্যে ১১ টন ধান বীজ বন্যাকালীন সময়ে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। আর এই বন্যা সহনশীলজাত ধান আবাদকারী অগ্রগামী কৃষকদের সাথে সোমবার দিনব্যাপী এক মতবিনিময় সভা কুড়িগ্রামস্থ সলিডারিটি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের ৯ উপজেলা থেকে ৩৫ জন অগ্রগামী কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের কর্মিগণ সভায় অংশগ্রহণ করেন।
কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক প্রতীপ কুমার মণ্ডল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন খামারবাড়ী শস্য উত্পাদন বিশেষজ্ঞ বিভু ভূষণ রায়, সদর উপজেলা কৃষি অফিসার মজনুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু।
এসময় কৃষকদের বিভিন্ন প্রশ্নপর্ব অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন স্ট্রাসা-ইরি প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সেখ হুমায়ুন কবির। বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের আর্থিক সহায়তায় স্থানীয় এনজিও সলিডারিটি জেলার ৯ উপজেলায় ৩ হাজার কৃষককে নিয়ে বন্যা সহনশীলজাত ধান আবাদের উপর প্রকল্প ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করছে।
